‘ছিটমহলের ৪০ নারী বিনা খরচে জর্ডানে যাচ্ছেন’

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৯:৪৭
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘৬৮ বছরের অধিকার বঞ্চিত ছিটমহলবাসীর নবযুগের সূচনা হলো। এসব মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিশ্রুতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে সম্পূর্ণ বিনা খরচে ৪০ নারীকে জর্ডানে পাঠাচ্ছে।’
 
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) মিলনায়তনে নারী শ্রমিকদের দুই মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘জর্ডানে গার্মেন্টস সেক্টরে দুই হাজার নারী শ্রমিকের চাহিদা রয়েছে। যতটা সম্ভব ছিটমহল থেকেই এ চাহিদা পূরণ করা হবে। আর এজন্য তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।’
 
এতে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন সভাপতিত্ব করেন। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, পুলিশ সুপার তবারক উল্লাহ, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক ও প্রশিক্ষণার্থী শরিফা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।