ডেনমার্কের শ্রমমন্ত্রী জর্ন নির্গার্ড লার্সেন আশা প্রকাশ করেছেন, কক্সবাজারে ডেনমার্কের বিনিয়োগে ২০১৭ সালের মধ্যে প্রথম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হবে।
সফররত ডেনিস মন্ত্রী এখানে সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে তার কার্যালয়ে বৈঠককালে এ কথা জানান।
জন নির্গার্ড লার্সেন বলেন, ডেনমার্কের বিশ্বখ্যাত কোম্পানি ভেস্টাস ইতোমধ্যে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করেছে। বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট হবে।
বৈঠকে বাংলাদেশের সাথে ডেনমার্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশে জ্বালানি স্বনির্ভরতা অর্জনে বায়ু বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পানি পরিশোধন ও পয়ঃনিষ্কাশনসহ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহায়তার বিভিন্ন দিক আলোচনায় স্থান পায়।
খবর বাসসের।
