ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় গ্রেফতার ৫

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০৯:৪৮
ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে চালানো তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় দেশিয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া মহল্লার হাফিজ আহমেদের ছেলে সুমন (৩২), মৃত মো. আলীর ছেলে নূর সৈয়দ (৩২), মৃত তাহের মিয়ার ছেলে লিটন (৩০), মৃত কফিল উদ্দিনের ছেলে জিয়াউল (১৯) ও ঘাটুরা এলাকার বাহার সরকারের ছেলে নয়ন সরকার (১৯)।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের কান্দিপাড়া ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি রাম দা, একটি চাপাতি ও চারটি লোহার রড এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত ১২ জানুয়ারির সহিংসতার ভিডিও ফুটেজ দেখে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 
 
উল্লেখ্য, হাফেজ মাসুদুর রহমান (১৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্ররা দিনভর শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভা‍ংচুর ও অগ্নিসংযোগ করে।