ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত হোসেন ( ৪২ ) শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর মালিতার ছেলে।
ঝিনাইদহ সদর থানার এস আই ইসমাইল হোসেন জানান, ঝংকার পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে যাচ্ছিল। নগরবাথান বাজারের কাছাকাছি পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে একজন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার ব্রিগেড, পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে। আহত ৬জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাপিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।
