বগুড়ার আদমদীঘির শিবপুরে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ আহত হয়েছে ২৫ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নজরুল (৩৪), আনছার (৩০), মোসাব্বির (৪), ফায়ছাল (২০), সোমা (১৫), রিমা (১৪), আবু বক্কর (২১), সোনিয়া (১৭), সুমি (২৬), সুমন (২৮), ডলি আরা (৩০), মিলা (২২), প্রসেনজিৎ (১৫), উম্মে হাফসা (১৫), রফিকুলকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়। বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর চাপাইনবাবগঞ্জ থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জ ১৪-০৯৪১ নম্বর স্বাদ স্নেহা ট্রাভেলস নামের একটি বাস পিকনিকের যাত্রী নিয়ে রংপুর ভিন্নজগতের উদ্যেশে রওনা দেয়। যাত্রীবাহী বাসটি রাত ২ ঘটিকার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুরে পৌঁছলে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনা স্থলে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়। আহত হয় নারী ও শিশুসহ ২৫ জন।
