পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৮:১৫
পটুয়াখালী-গলাচিপা সড়কের আমখোলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
 
এরা হলেন মোটরসাইকেলচালক আমখোলার বাসিন্দা আবু তাহের প্যাদা (৩০), রাজধানীর মিরপুরের বাচ্চু মোল্লা (৫০) ও গলাচিপা উপজেলা পানপট্টির নজরুল ইসলাম (২৫)। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে গলাচিপা উপজেলার হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে চাঁদনী নামের একটি মিনিবাস যাত্রী নিয়ে পটুয়াখালী বাসস্ট্যান্ডে উদ্দেশ্যে ছেড়ে আমখোলা নামক স্থান অতিক্রমের সময় উল্টোদিক থেকে আসা একটি ভাড়াটে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক আবু তাহের প্যাদা ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় বাচ্চু মোল্লা এবং নজরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে বাচ্চু মোল্লা মারা যান। দুপুর দুইটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হয়।