শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নিখোঁজের ১৬ দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শারমিন (২৫) উপজেলার মধ্য মাছুয়াখালী গ্রামের বিল্লাল লস্করের স্ত্রী এবং মাদারীপুরের কালকিনী উপজেলার কানুরগাও মোল্লাকান্দি গ্রামের মৃত শাহ আলম চৌকিদারের মেয়ে।
শুক্রবার সকালে উপজেলার মধ্য মাছুয়াখালী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ৫ জানুয়ারি রাত থেকে শারমিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ১১ জানুয়ারি শারমিনের মা বিল্লালকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, জিডি আমলে নিয়ে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামী বিল্লালকে আটক করা হয়। বিল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিনকে 'গলা টিপে হত্যা'র পর লাশ মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, পাঁচ বছর আগে শারমিনের সঙ্গে বিল্লালের বিয়ে হয়। গত দুই বছর ধরে শারমিন পরকীয়ায় জড়িয়ে পড়েছে সন্দেহে তাদের মধ্যে কলহ চলছিল।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কীনা তদন্ত করে দেখা হচ্ছে।
