পরীক্ষা-নিরীক্ষায় হাতছাড়া টি-২০ সিরিজ!

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৮:৪০
 
ওয়ানডেতে একের পর এক সাফল্য আসলেও টি-টোয়েন্টিতে মাশরাফিদের সক্ষমতা প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ! জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সেই প্রশ্নেরও উত্তর দেয়ার সময় এসেছিল। কিন্তু অতিমাত্রার পরীক্ষা-নিরীক্ষার মুখে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটা জেতা হলো না বাংলাদেশের। শেষ ম্যাচ জিতে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করতে সক্ষম হয়েছে সফরকারীরা।
 
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬২ রানে থেমে গেছে বাংলাদেশের ইনিংস। এর আগে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হন মাশরাফিরা।
 

সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা অংশ হিসেবে অভিষেক হয় বাংলাদেশের চার ক্রিকেটারের। পাঁচ পরিবর্তনের চারটি পরিবর্তন ছিল অবধারিতই। একাদশে থাকা মুশফিকুর রহিম, শুভাগত হোম, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান নেই শেষ দুই ম্যাচের স্কোয়াডেই। সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে ওপেনার তামিম ইকবালকেও। অভিষেক হয় মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি ও মুক্তার আলির। একাদশে ফেরেন ইমরুল কায়েস। তৃতীয় ম্যাচে পরাজয়ের পর নড়েচড়ে বসে দলের কোচ, অধিনায়ক থেকে শুরু করে স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তাই চতুর্থ ম্যাচে দলে ফেরানো হয় তামিম ইকবালকে। কিন্তু ফিরে আসেনি ছন্দ। আলআমীন আর মুস্তাফিজের অভাব তো ছিলই।

 

IMG0

তৃতীয় ম্যাচ শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা হবে তা জানতাম। তবে এত বেশি হবে, এটা জানতাম না। আমার মনে হয়, পরীক্ষা-নিরীক্ষা একটু বেশি হওয়াতেই আমাদের বোলিংটা দুর্বল হয়ে গেছে।’