নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মিত হয়েছে।
শুক্রবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর পায়রা উড়িয়ে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
কেন্দ্রটিতে তিনটি ট্রেডে ছয় মাস মেয়াদী ১২০ জন ও অপর তিনটি ট্রেডে দুই বছর মেয়াদী আরো ১২০ জন কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘চলতি বছরে নীলফামারী থেকে কমপক্ষে ২০ হাজার কর্মীকে বিদেশে পাঠানো হবে।’
এ সময় মালয়শিয়ায় দ্রুত জনশক্তি পাঠাতে ওই দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে মন্ত্রী জানান।
এতে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা-পরিচালক বেগম শামছুন্নাহার, নীলফামারী পুলিশ সুপার জাকীর হোসেন খান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
