বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে পাকিস্তান থেকে পৃথক হয়েছি, সেই পাকিস্তান এখন অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে।’
শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের হীরক জয়ন্তী ও দ্বিতীয় অ্যালামনাই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, বিদেশি পর্যবেক্ষকরা এখন বাংলাদেশকে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। কেউ বা রোল মডেলও বলছেন।
আতিউর রহমান বলেন, বিশ্ব গণমাধ্যমের চোখে বাংলাদেশের বিষ্ময়কর অগ্রগতির ভঙ্গিটি প্রতিনিয়তই ধরা পড়ছে। বিশ্বের বিভিন্ন গবেষণায় এখনও বাংলাদেশ উন্নয়নের পরীক্ষাগার, তবে তা ইতিবাচক অর্থে।
তিনি বলেন, এই মুহূর্তে সারাবিশ্বের প্রবৃদ্ধি যেখানে ৩ দশমিক ৫ শতাংশ, সেখানে গত অর্থবছরে ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ বিশ্বের হাতেগোনা তিন-চারটি দেশের একটি, যারা গত এক দশক ধরে গড়ে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার আরও বেশি হবে।
খবর বাসসের।
