জামালপুর জেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-জামালপুর রেল লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। এ সময় তারা ঢাকা-জগনাথগঞ্জ রেল পথে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দাবি করেন।
স্থানীয় রেল সূত্রে জানা গেছে, লোকবলের অভাবে বৃহস্পতিবার থেকে নরুন্দি রেলস্টেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। এতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। এর প্রতিবাদে তারা দুপুর দুইটায় নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করে। এ সময় ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ও দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে এবং জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশনে ও ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের বিদ্যাগঞ্জ স্টেশনে আটকা পড়ে।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালাম জানান, অবরোধকারীদের দাবি অনুযায়ী স্টেশনটিতে আগের মত সকল কর্মকাণ্ড পরিচালনার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
