ফেসবুকে আসছে খেলাধুলার খবর নির্ভর ফিচার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১১:০৯
নতুন একটি ফিচার যোগ করতে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক। ‘ফেসবুক স্পোর্টস স্টেডিয়াম’ নামের এই রিয়েল টাইম প্লাটফর্মে খেলাধুলার খবর, ভক্তদের করা জনপ্রিয় পোস্ট, পরিসংখ্যান আর বিশেষজ্ঞদের ধারাভাষ্যসহ নানা কিছু থাকবে।
 
বুধবার নতুন এই ফিচার আনার ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ওই সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, এখানে ৬৫ কোটি ক্রীড়াপ্রেমি রয়েছেন। সূত্র- রয়টার্স।
 
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, নতুন ফিচারের আওতায় এখন শুধু রাগবি আর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া সুপার বোলের খেলাগুলোর আপডেট পাওয়া যাবে। অদূর ভবিষ্যতে এতে বাস্কেটবল-ফুটবলসহ অন্যান্য খেলাধুলার আপডেট মিলবে।
 
‘ফেসবুক স্পোর্টস স্টেডিয়াম’ এর মতো একটি ফিচার অনেক আগে থেকে আছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে। ‘লাইভ টুইটিং’ নামের এই ফিচারে বিভিন্ন খেলা চলাকালীন আপডেট দেয়া হয়। এই ফিচারের জনপ্রিয়তায় ভাগ বসাতে নতুন ফিচার আনছে ফেসবুক, দাবী বার্তা সংস্থা রয়টার্সের।
 
২০১৫ সালের সেপ্টেম্বরের এক হিসাব অনুযায়ী ফেসবুকের নিয়মিত ব্যবহারকারী একশ’ কোটি ছাড়িয়ে গেছে।