অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের অনুমতি নবায়ন করবে সুইডেন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১২:০৯
বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের জন্য ইকুয়েডরের অনুমতি নবায়নের আবেদন করবে সুইডেন। এর আগে গেল ডিসেম্বরে লন্ডনে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদে সুইডিশ কর্তৃপক্ষকে সুযোগ দেয়ার বিষয়ে সম্মত হয়েছিল ইকুয়েডর। 
 
কিন্তু চলতি বছরে ‘আনুষ্ঠানিক কারণে’ জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া সুইডেনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইকুয়েডর। বিবিসি বলছে, এই পরিস্থিতিতে সুইডেন অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদে ইকুয়েডরের দেওয়া অনুমতি নবায়নের জন্য আবেদন করার বিষয়টি বিবেচনা করছে।
 
সুইডেনের হাতে তুলে দেয়ার বিষয়টি এড়াতে তিনবছর ধরে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন। সুইডিশ আইন কর্মকর্তা মারিয়ানে নি এক বিবৃতিতে বলেছেন, ইকুয়েডরের পক্ষ থেকে তার কার্যালয় একটি চিঠি পেয়েছে। চিঠিতে ‘আনুষ্ঠানিক কারণে’ লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রিত অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনের করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
 
ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো জানান, সুইডেন যখন অনুরোধ জানিয়েছিল তখন অসৌজন্যমূলক আচরণ করেছিল। তারা পূর্বেকার নথিগুলো পুনরায় ইস্যু করার কথা বলেছিল। ওই সময় ইকুয়েডর যে সুইডিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং যেসব প্রশ্ন করা হবে তার তালিকা পাঠানোর পরামর্শ দিয়েছে। সুইডিশ আইনকর্মকর্তা নি জানিয়েছেন, সুইডেন বিষয়টি বিবেচনা করছে।
 
অ্যাসাঞ্জের বিরুদ্ধে ২০১০ সালে দুই সুইডিশ নারীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে অ্যাসাঞ্জ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডিশ কর্তৃপক্ষের হেফাজতে দেয়া হলে তারা তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।
 
২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক গোপন নথি ফাঁস করে দেয় উইকিলিকস। গোপন নথিগুলো ফাঁসের পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশের সরকার বড় ধরনের বেকায়দায় পড়ে গিয়েছিল। যুক্তরাজ্য অভিযোগ করছে, ইকুয়েডর অ্যাসাঞ্জকে আশ্রয় দিয়ে আইনি প্রক্রিয়াকে প্রতিরোধ করছে। রয়টার্স।