টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৪:২৪
কক্সবাজারের টেকনাফে চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার বেড়ি বাঁধ এলাকায় থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ। তিনি জানান, শনিবার দমদমিয়ার চৌকির বিজিবির সদস্যরা গোপন সংবাদের খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বেড়ি বাঁধের উপর একটি পলিথিন ব্যাগ ফেলে পাচারকারীরা প্যারাবনের ভেতর ঢুকে পড়ায় কেউ আটক হননি। এ পলিথিন ব্যাগে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
 
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ১ কোটি ২০ লাখ টাকা জানিয়ে ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে, যা পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।