নীলফামারীর ডোমার উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ২৫ জানুয়ারি আধাবেলা পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি মো: আতিয়ার রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডোমার শাখার কার্যকরী সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ট্র্যাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, উপজেলা শ্রমিক লীগ সম্পাদক আক্তারুল হকসহ সকল বেসিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানা যায়, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর রাত নয়টায় ডোমার উপজেলার শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ (৬০) বাড়ি ফেরার পথে সাহাপাড়া মহল্লায় নিজ বাসভবনের মুখোশধারী সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ডোমার থানায় গত ২ জানুয়ারি শ্রমিক লীগের পক্ষে একটি মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখন পর্যন্ত মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পথসভা করা হবে। আগামী ২৫ জানুয়ারি সোমবার সকাল ছয়টা হতে দুপুর ১২টা পর্যন্ত সর্বত্র পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমকি ঐক্য পরিষদ।
