গাইবান্ধার সদর উপজেলায় ইসমত আরা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পূর্ব কোমরনই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইসমত আরা একই গ্রামের এরশাদ আলীর স্ত্রী ও সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ আজিতপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
গাইবান্ধা সদর থানার এসআই আবদুর রউফ জানান, ইসমত আরার স্বামী এরশাদ আলী ঢাকায় শ্রমিকের কাজ করেন। শুক্রবার রাতে তিনি সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরিবারের লোকজন শনিবার ভোরে ঘুম থেকে উঠে দেখে তার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলছে।
গাইবান্ধা সদর ও সি একেএম মেহেদী হাসান জানান, পারিবারিক অশান্তি ও কলহের কারণে ইসমত আরা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এনিয়ে ইসমতের শ্বশুর নুরুন্নবী সরকার বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক হত্যা মামলা করেছেন।
