‘আজ হাঁটবো, কাল দৌড়াবো’ এ স্লোগানকে সামনে রেখে ‘নীল সাগর গ্রুপ’ বান্দরবানে প্রথম আন্তর্জাতিক স্কাই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বরিশালের ফিরোজ খান (পুরুষ) এবং বাগেরহাটের মেরুনা আক্তার (নারী)।
শনিবার সকালে বান্দরবান জেলা পরিষদের সহায়তায় চিম্বুক-রুমা সড়কের রামড়ি পাড়া থেকে ৮টা ১৩ মিনিটে শুরু হয়ে ২১.৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরের স্থানীয় রাজার মাঠে শেষ হয়।
বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের ম্যারাথনের আয়োজন করেছে এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার। এতে মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক।
ম্যারাথন দৌড়ে দেশের আটটি বিভাগ থেকে বাছাইকৃত ৮০ জন রানার, ছয়জন বিদেশিসহ স্থানীয় মিলিয়ে প্রায় ২৫০ জন নারী-পুরুষ স্কাই ম্যারাথনে অংশগ্রহণ করে। ম্যারাথনের উদ্বোধন করেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র ইসলাম বেবী, এভারেস্ট জয়ী মুছা ইব্রাহীম উপস্থিত ছিলেন।
IMG0
ফিরোজ খান ২১.৫ কিলোমিটার রাস্তা ১ ঘণ্টা ১৯ মিনিট এবং মেরুনা ১ ঘণ্টা ৪৩ মিনিট দৌড়ে রাজার মাঠে এসে পৌঁছে প্রথম স্থান অধিকার করেন। ম্যারাথন দৌড়ে পুরুষদের মধ্যে দ্বিতীয় হয়েছেন মো. ফরিদ আহম্মেদ (ময়মনসিংহ), ততৃীয় মো. রফিকুল ইসলাম (বগুড়া)। নারীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ইলসি লসেক আর্দুসা হেরেস তেরেসা (নেদারল্যান্ড), তৃতীয় ইশরাত জাহান ইতি বেগম (যশোর)। বান্দরবানে বাংলাদেশেই প্রথমবারের মত এ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এভারেস্ট একাডেমি পরিচালক মুসা ইব্রাহীম বলেন, সমুদ্র পৃষ্ট থেকে প্রায় দেড় হাজার ফুট উপরে চিম্বুক-রুমা সড়কের পাহাড়ি রাস্তা রামড়ি পাড়া থেকে ৮টা ১৩মিনিটে নীল সাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন দৌড় শুরু হয়। ২১.৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্থানীয় রাজার মাঠে শেষ হয়। এ আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য সারা বিশ্বের কাছে তুলে ধরাই ম্যারাথনের মূল উদ্দেশ্য।
সন্ধ্যায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মো.মিজানুল হক চৌধুরী, মিনিস্টার ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ কিবরিয়া, ফিফা রেফারি মোজাম্মেল হোসেন, এস এল সি ব্র্যান্ড অ্যাম্বাসেডর লুসা মির্জা, ম্যারাথন আয়োজক কমিটির সমন্বয়ক মনিরুল ইসলাম মনুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজয়ী প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় ১৫ হাজার টাকা। এছাড়াও অংশগ্রহণকারী ৩০ জন পুরুষ এবং ১০ জন নারীকে পুরস্কৃত করা হয়েছে।
