প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের চিকিৎসকরা। প্রথম দফায় তিন দিনের কর্মবিরতির পর শনিবার সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই মামলা প্রত্যাহার হোক এবং প্রাইভেট চেম্বার ও বেসরকারি হাসপাতালে রোগী দেখার পরিবেশ ফিরে আসুক।
গত ১০ জানুয়ারি নগরীর বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপে অস্ত্রেপচারে সন্তান হওয়ার পর মারা যান প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাইঝি মেহেরুন্নেসা রীমা। চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে ওইদিন রাতে হাসপাতাল ভাংচুর করে তার স্বজনরা। এ ঘটনায় কয়েকদিন বিভিন্ন কর্মসূচির পর গত ১৯ জানুয়ারি আদালতে যান রীমার বাবা খায়রুল বাশার। মেয়ের মৃত্যুর জন্য অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চট্টগ্রাম মেডিকেলের গাইনি বিভাগের অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজী ও তার স্বামী ডা. মাহবুবুল আলমের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন তিনি। আদালত ওই অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের জন্য পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দিলে পরদিন থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। নগরীর সব ব্যক্তিগত চেম্বার ও বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা সেবা বন্ধ করে দেয়ায় কয়েকদিন ধরে ভোগান্তিতে আছেন রোগী ও তাদের স্বজনরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএমএর চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনূস, অধ্যাপক ডা. নুরজাহান ভূইয়াসহ উপস্থিত ছিলেন।
