মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কেবল আইন করে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। সরকারি ও বেসরকারি সেবাদানকারি প্রতিষ্ঠানের প্রত্যেককে শুদ্ধাচারের চর্চা করতে হবে। তবেই সুশাসন প্রতিষ্ঠা হবে এবং দুর্নীতিও রোধ কমবে।
শনিবার ‘সুশাসন : ভূমি ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিত’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার সমাপনি সেশনে তিনি এ কথা বলেন। সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’-এর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও ‘সুশাসন : ভূমি ব্যবস্থাপনা পরিপ্রেক্ষিত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল জলিল। পরে উপস্থাপনার ওপর আলোচনায় অংশ নেন সিলেট বিভাগের ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাউল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (ভূমি ও সংস্কার) এন এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ চন্দ্র চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, এনজিও প্রতিনিধি জামিল চৌধুরী প্রমুখ।
বিকেলে গ্রুপ পর্বের আলোচনা ও গ্রুপভিত্তিক প্রশ্নোত্তর সেশন শেষে কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়। এতে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
