সার কারখানা থেকে পাচারকালে ৩ টন অ্যাসিড জব্দ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২১:২৬
জামালপুরের সরিষাবাড়ীস্থ যমুনা সারকারখানা থেকে পাচারকালে প্রায় তিনটন সালফিউরিক অ্যাসিড জব্দ করা হয়েছে।
 
শনিবার কারখানার নিরাপত্তা কর্মীরা এ পরিমাণ অ্যাসিড জব্দ করেন।
 
জানা গেছে, সার উৎপাদন কাজে ব্যবহারের জন্য সিলেটের ন্যাচারাল গ্যাস ফ্যাক্টরি থেকে ২৪ টন সালফিউরিক অ্যাসিড নিয়ে শুক্রবার রাতে একটি লড়ি যমুনা কারখানায় যায়। সারা রাত ২৪ টন মালের মধ্যে ২১ টন মাল খালাস করা হয়। বাকি তিন টন মালসহ লড়িটি ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাচ্ছিল। লড়িটি মূল ফটকে গেলে নিরাপত্তা কর্মীরা নিয়ম অনুয়ায়ী তল্লাশি করার সময় ভিতরে প্রায় তিনটন সালফিউরিক অ্যাসিড রয়েছে বলে দেখতে পায়। পরে সিকিউরিটি ইনচার্জ নুরুল আমীন সিকদার ট্রাকটি আটক করে।
 
সিকিউরিটি ইনচার্জ নুরুল আমীন সিকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
পরে জামালপুর এডিশনাল পুলিশ কর্মকর্তা (সার্কেল) মনিরুল ইসলাম ঘটনাটি তদন্তে কারখানা পরিদর্শন করছেন।