ফেনীর সোনাগাজীতে সংসদ সদস্য সমর্থক ও আওয়ামী লীগের সংঘর্ষ, আহত-৪

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২৩:৩০
ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যা সমর্থক ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, শনিবার দুপুরে স্থানীয় সতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যা সমর্থক হিসাবে পরিচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম ওরফে শিপন ও মোঃ মানিকের নেতৃত্বে কয়েকজন যুবক উপজেলার তাকিয়া বাজারে অবস্থান করছিল। এ সময় বগাদানা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সেলিম মোটরসাইকেলে তাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সেলিম সমর্থরা বাজারে জড়ো হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং পরস্পরের প্রতি গুলি ছোড়ে। এতে স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ রিপন, মুদি দোকানী নিজাম উদ্দিন, পথচারী বাচ্ছু মিয়া ও মোঃ মামুন আহত হয়। তাদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি দেখে দুই পক্ষই বাজার ত্যাগ করে চলে যায়।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির সংসদ সদস্য সমর্থক ও বিরোধীদের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।