মার্চে আসছে আইফোন ৫এসই

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ০৩:৩৪
প্রতি বছরের শেষের দিকে নতুন আইফোন নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাসের পর বাজারে আসবে আইফোন ৬সি। আইফোনের এই সংস্করণের ডিসপ্লে হবে কিছুটা ছোট, এমন তথ্যও প্রকাশ করেছিল প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো। তবে এবার ভিন্ন তথ্য দিল ৯টু৫ ম্যাক। অ্যাপল নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকে এই ওয়েবসাইটটি।  এক প্রতিবেদনে ৯টু৫ ম্যাক জানিয়েছে, আইফোন ৬সি আসছে না। এর পরিবর্তে নতুন যে আইফোনের দেখা মিলবে, তা হবে আইফোন ৫এস-এর আপগ্রেডেড সংস্করণ। ২০১৩ সালে এই সংস্করণটি বাজারে ছেড়েছিল অ্যাপল। ওয়েবসাইটটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সংস্করণের নাম হবে আইফোন ৫এসই। ‘এসই’ দিয়ে মূলত ‘স্পেশাল এডিশন’ বোঝানো হয়েছে।

 
নতুন এই সংস্করণটি দেখতেও অনেকটা আইফোন ৫এস-এর মতোই হতে পারে। তবে পার্থক্য থাকবে কেবল বিভিন্ন হার্ডওয়্যার এবং ফিচারে। এর আগে বাজারে আসা আইফোন ৬ এবং ৬এস-এর সাথে সামঞ্জস্য রাখতে কাছাকাছি বিভিন্ন ফিচার থাকবে এই সংস্করণে। এর মধ্যে একটি হলো ডিসপ্লের পরিবর্তন। এই সংস্করণটিতে ব্যবহার করা হতে পারে কার্ভড গ্লাস। ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে এতে। আইফোন ৬ এর মতো ৫এসই’তেও ব্যবহার করা হতে পারে এ৮ এবং এম৮ চিপ। এছাড়া অ্যাপল পে’র সুবিধা পেতে এনএফসি চিপও ব্যবহার করা হতে পারে এই সংস্করণে। অ্যাপল লাইভ ফটোজের সুবিধা থাকলে এই ফোনটিতে থাকবে না থ্রিডি টাচ।