গাংনীতে ফার্নিচার দোকানে আগুন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১০:০৩
মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের দুটি ফার্নিচার দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া বাজারের আশরাফ উদ্দীন ও ফারুক হোসেনের ফার্নিচার দোকানে আগুন লাগে। বিষয়টি টের পেয়ে বাজারে কর্মরত নৈশপ্রহরীরা চিৎকার শুরু করে। এতে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে দোকান দুটির কিছু ফার্নিচার, ফার্নিচারের নকশা তৈরির যন্ত্র যন্ত্রপাতি এবং কাঠসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। 
 
এদিকে আগুনের সূত্রপাত নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য পাওয়া গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা শত্রুতার জেরে কেউ আগুন দিতে পারে বলে অনেকের ধারণা। তবে নিজ নিজ বাড়িতে থাকায় দোকান মালিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।