চুয়াডাঙ্গার জীবননগরে চাঁদার দাবিতে একটি ইট ভাটায় বোমা হামলা চালানো হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেহাটিতে অবস্থিত পিয়াস ব্রিক্সে চাঁদাবাজচক্র পর পর দুটি শক্তিশালী বোমার বিস্ফারণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। চাঁদার বিষয় নিয়ে পুলিশ কর্মকর্তার সঙ্গে ইট ভাটা মালিকের আলাপ আলোচনা কালে চাঁদাবাজচক্র এ বোমার বিস্ফোরণ ঘটনায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পিয়াস বিক্সের সত্বাধিকারী আসাদুজ্জামান আকুল জানান, শনিবার সকাল ১০টার দিকে সাগর নিজেকে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির খুলনা বিভাগীয় নেতা পরিচয় দিয়ে ০১৮২৪৯৮৪৫৫৩ নম্বর থেকে তাকে ফোন করে। ফোনে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করলেও ওই চাঁদাবাজ দিনভর তার কাছে ফোন করে চাঁদার টাকা নিয়ে দরকষাকসি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে বোমা হামলার হুমকি দেয়া হয়। চাঁদা দাবির এ বিষয়টি আসাদুজ্জামান পুলিশকে অবহিত করেন।
রাত সাড়ে ৯টার দিকে শাহাপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শ্যামল সমদ্দারের সঙ্গে ইটভাটা সংলগ্ন পেট্রোল পাম্পে বসে চাঁদা দাবির বিষয় নিয়ে আলোচনা করা কালে ইট ভাটায় বোমা হামলা চালানো হয়। চাঁদাবাজচক্র ভাটার পেছন থেকে এসে পর পর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনাকালে উপস্থিত পুলিশের ফাঁড়ি ইনচার্জ বোমা বাজদের ধরতে পুলিশি অভিযান শুরু করেন। এ সময় তিনি বোমা বিস্ফেরণের আলামতও সংগ্রহ করেন। এ ঘটনায় ইটভাটা মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
