গাজীপুরে কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১২:৪৩
গাজীপুরের পুবাইলে একটি টায়ার মেরামতের কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় আবদুল কাদের (৬০) নামের দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 
 
আবদুল কাদের টঙ্গীর বনমালা এলাকার ফয়জুদ্দিন ব্যাপারীর ছেলে। অপর নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- স্থানীয় বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকা জেবুন্নেসা (৪০), গাজীপুরের বসুগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে ও কারখানার নিরাপত্তাকর্মী সেলিম মোল্লা (৪০) এবং মাদারীপুরের বাঘারিয়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে কারখানার কর্মী কাওসার হোসেন (৪২)। অন্য দুজনের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরাও ওই কারখানার শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। 
 
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টিনশেডের ওই কারখানা চালাসহ ধসে পড়ে। আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।