নরসিংদীতে তিনদিনের ডিজিটাল মেলা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪
জেলা প্রশাসন আয়োজিত নরসিংদীতে তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু হচ্ছে সোমবার (২৫ জানুয়ারি)। মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক নীলুফার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের মহা-পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। 
 
নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান জানান, প্রথম দিনে মেলা উপলক্ষে থাকছে জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি, অতিথিবৃন্দ কর্তৃক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, সেমিনার ডিজিটাল সেন্টার, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে মেলার সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
তিনদিন ব্যাপী এ ডিজিটাল মেলাকে সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা তথ্য কর্মকর্তা নাছিমা খাতুন, সহকারী জেলা তথ্য কর্মকর্তা সানজিদা আমিন, ডিজিটাল মেলাকে সফল করে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।