হংকংয়ে গত প্রায় ৬০ বছরের মধ্যে রোববার তাপমাত্রা সর্বনিম্নে নেমে এসেছে। প্রচন্ড ঠান্ডা আবহওায়ায় কুঁকড়ে রয়েছেন বাসিন্দারা। তবে তাদের আবহাওয়া কর্মকর্তারা আরো খারাপ খবর দিয়েছেন। কর্মকর্তারা তুষারপাতের আশংকা ব্যক্ত করে বলেছেন, ঠান্ডা আরো বাড়বে।
রোববার সকালে হংকংয়ের দক্ষিণাঞ্চলীয় শহর এলাকায় তাপমাত্রা ৩.৩ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। অথচ এখানকার অধিকাংশ ভবনেই সেন্ট্রাল হিটিং সিস্টেম নেই। সিনিয়র বিজ্ঞান কর্মকর্তা ওং ওয়ে কিন বলেন, গত ৫৯ বছরের মধ্যে এটি সর্বনিম্ন তাপমাত্রা। তিনি বলেন, ১৯৫৭ সালের পর এটি সর্বনিম্ন তাপমাত্রার দিন। ওই বছরের ফেব্রুয়ারিতে ২.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। নগর সরকারের ওয়েবসাইটে জনগণকে সতর্ক করে গরম কাপড়চোপড় পরতে এবং বেশী সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার কোন আশা নেই। হংকং অবজারভেটরির মতে, হংকংয়ে ১৮৯৩ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রা কমে জিরো ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছিল। এএফপি।
