ওয়ার্ল্ড টি টোয়েন্টিতেই দলে ফিরতে চান নারিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৪:৫১
 অবৈধ বোলিং এ্যাকশনের কারণে গত নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার সুনীল নারিন ভারতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি টোয়েন্টির মাধ্যমে জাতীয় দলে ফিরে আসতে চান।  বৃহস্পতিবার ক্যারিবীয় প্রাদেশিক সুপার৫০ টুর্নামেন্টের সেমিফাইনালে নারিন স্থানীয় গণমাধ্যমে বলেছেন, খুব শিগগিরই এ ব্যাপারে পরীক্ষায় অবতীর্ণ হবেন। 
 
৮ মার্চ থেকে ভারতে শুরু হওয়ায় ওয়ার্ল্ড টি টোয়েন্টির আগেই তিনি আইসিসি সবুজ সঙ্কেত পেতে পারেন। সব বাঁধাকে পিছনে ফেলতে এটাই শেষ চ্যালেঞ্জ বলে তিনি মনে করছেন। ত্রিনিদাদের এই স্পিনার বলেছেন এখনো তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। একইসাথে ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া ঘরোয়া টুর্নামেন্ট কুইন্স পার্ক ক্লাবের হয়েও তিনি নিজেকে প্রমাণ করতে চান। আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হলেও ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটে তিনি খেলতে পারবেন । আঞ্চলিক টি টোয়েন্টি সার্কিটে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা নাম নারিন। তাছাড়া তারকা সমৃদ্ধ ভারতীয় প্রিমিয়ার লীগের খেলার অভিজ্ঞতাও নারিনের আছে। বিশ্বের বিভিন্ন দেশে খেলা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মধ্যে নারিন অন্যতম। আর এ কারণেই ছোট ফর্মেটের এই ক্রিকেটে নিজের ওপর দারুণ আত্মবিশ্বাস রয়েছে নারিনের। বাসস।