চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদী সীমান্ত থেকে ২১টি গরুসহ ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
রবিবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী নদীর পাড়ের আমবাগান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শ্রী বাবন ঘোষ (১৯), শ্রী সুজয় হালদার (২০) ও শ্রী রজত বিশ্বাস (২০)।
বিজিবি জানায়, রবিবার সকালে দামুড়হুদা উপজেলর বাড়াদী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার মথুরাপুর গ্রামের মায়া ঘোষের ছেলে শ্রী বাবন ঘোষ, গোবিন্দপুর গ্রামের নীলমনি হালদারের ছেলে সুজয় হালদার ও একই গ্রামের রবিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে শ্রী রজত বিশ্বাস ভারত থেকে ২১টি গরু নিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে।
চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
