নোয়াখালীতে স্কুল শিক্ষিকা হত্যা মামলায় জেলা যুবদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ যুবদল ও ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার এই মামলায় দলীয় নেতাকর্মীরা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। এ সময় সদর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ শীল তাদেরকে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন না মঞ্জুরকৃতদের মধ্যে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহম্মদ ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি শামছুদ্দোহা মিঠু রয়েছেন।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর ২০ দলের ডাকা অবরোধ চলছিল। ঢাকার তাওহিদ ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষিকা সামছুন্নাহার কাভার্ড ভ্যানযোগে ঢাকা থেকে লক্ষীপুরের রামগতিতে গ্রামের বাড়ি যাবার পথে উজ্জলপুর এলাকায় পিকেটারদের ইটের আঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় সুধারাম থানার পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে। গত বছরের জুনের দিকে এই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ যুবদলের সভাপতিকে ১ নম্বর আসামি দেখিয়ে ৬১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
