কক্সবাজারের টেকনাফ উপজেলায় চালান ধরিয়ে দেয়ায় ইয়াবা ব্যবসায়ীরা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত মোহাম্মদ হোসেন মাঝি (২২) যুবক সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মো. সোনা মিয়ার ছেলে।
শনিবার রাত ১২ টার দিকে সাবরাং হারিয়াখালী থেকে যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড সদস্যরা টেকনাফের নাফ নদীতে একটি কাঠের ট্রলার আটক করে। পরে ট্রলার থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
মোহাম্মদ হোসেন ইয়াবার এ চালান ধরিয়ে দিয়েছে সন্দেহে জড়িত ব্যবসায়ীরা তাকে ধরে নিয়ে ধরে মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ সাবরাং হারিয়াখালীর একটি ছোট ভাঙ্গা ঝুকড়ির ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কবির হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
