চট্টগ্রামে মিষ্টির দোকানকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২২:২৩
বিভিন্ন অনিয়মের কারণে চট্টগ্রামের কোতোয়ালিতে মিষ্টি তৈরির একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার নগরীর এয়াকুব নগর এলাকায় এ অভিযানে জরিমানার পাশাপাশি পাঁচ বস্তা বিস্কুট ও ১২০ লিটার পোড়া তেলও জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
 
আদালতের নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দীর্ঘ দিনের পুরনো ও ময়লাযুক্ত তেল ও মিষ্টির রস দিয়ে বেকারি পণ্য তৈরি করছিল মিষ্টিমেলা। এছাড়াও তাদের উৎপাদিত বিস্কুটেও উৎপাদনের কোনো তারিখ ছিল না। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১২০ লিটার দীর্ঘ দিনের পুরনো তেল ও ছত্রাক জমে যাওয়া পাঁচ বস্তা বিস্কিটও জব্দ করা হয়েছে।