ঠান্ডাজনিত রোগে শিশুরা হাসপাতালে, শিশুরোগ বিশেষজ্ঞ ডেপুটেশনে

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ০২:১২
 তীব্র শৈতপ্রবাহে কুষ্টিয়ার মিরপুরে শীতজনিত রোগে আক্রান্ত  হয়ে একের পর এক  শিশু ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। এমন একটি প্রয়োজনীয় মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু বক্কর সিদ্দিকী কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ডেপুটেশন সুবিধা নিয়ে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন।
জানা যায়, ২১ সেপ্টেম্বর-২০১১ সালে ডাঃ আবু বক্কর সিদ্দিকী কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (শিশু) হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই মাসে কদাচিৎ এই স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মিত ডিউটি পালনের এক পর্যায়ে  স্বাস্থ্য অধিদপ্তরের এক শ্রেনীর উর্ধ্বতন দুর্নীতিবাজ কর্মকর্তাকে ম্যানেজ করে ২৭ জানুয়ারী-২০১৩ সাল থেকে তিনি ডেপুটেশন করিয়ে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সাহার বক্তব্য, উর্ধ্বতন কর্মকর্তারা কোন সিদ্ধান্ত নিলে আমাদের সেখানে কিছুই করার নেই।

সংশ্লিষ্ট দপ্তরের কাছে উপজেলার স্বাস্থ্য সচেতন মহলের পক্ষ থেকে দাবি উঠেছে ডাঃ আবু বক্কর সিদ্দিকীর ডেপুটেশন বাতিল করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হোক। নতুবা তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থায়ী করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের জন্য অনতিবিলম্বে নতুন কোন শিশুরোগ বিশেষজ্ঞের যোগদানের ব্যবস্থা করা হোক।