অল্প দামে গল্প করার মতো কনফিগারেশনের ৫ ফোন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৫:৫৪
ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্ক্রিনসাইজ, র‌্যাম, অপারেটিং সিস্টেম, মেমোরি, প্রসেসর -এই ফিচারগুলো ভালো না হলে স্মার্টফোনের আসল মজাই পাওয়া যায় না। কিন্তু ভালো ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্ক্রিনসাইজ, র‌্যাম, মেমোরি বা প্রসেসরের স্মার্টফোন কিনতে খরচটাও পরে একটু বেশি। তবে কম খরচেও উন্নত কনফিগারেশনের স্মার্টফোন পাওয়া যায়। ওই সব অল্প দামে গল্প করার মতো স্মার্টফোনের খোঁজখবর দিতেই এই প্রতিবেদন-
 
রেডমি ২ প্রাইম
সম্প্রতি ‘রেডমি ২ প্রাইম’ নামের একটি স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। সাশ্রয়ী এই ফোন আপাতত ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি বিশ্বের বৃহত্তম ‘কনট্রাক্ট ম্যানুফ্যাকচারার’ ফক্সকনের সহযোগিতায় ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী সিটিতে তৈরি করা হয়েছে। এটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ছয় হাজার ৯৯৯ রুপিতে, যা বাংলাদেশে আট হাজার ১০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
 
রেডমি ২ প্রাইম মূলত রেডমি ২ এর উন্নত সংস্করণ। রেডমি ২ এর সাথে নতুন সংস্করণের মূল পার্থক্য র‍্যামে। রেডমি ২ প্রাইমে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সুবিধা রয়েছে, যেখানে রেডমি ২ –তে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ সুবিধা রয়েছে। এছাড়া ডিভাইস দুটির মধ্যে আর কোনো অমিল নেই।
 
IMG0
 
রেডমি ২ প্রাইমের ৪.৭ ইঞ্চির ডিসপ্লেতে ১২৮০*৭২০ পিক্সেল রেজ্যুলেশন এবং ৩১২ পিপিআই পাওয়া যাবে। ডিসপ্লে যথেষ্ট শার্প এবং ভিউ অ্যাঙ্গেলও ভালো। ডিসপ্লে আরও আকর্ষণীয় করার জন্য এর সেটিংসে ওয়ার্ম, স্ট্যান্ডার্ড এবং কুল নামের কাস্টমাইজেশন রয়েছে। এটা দিয়ে ডিসপ্লের স্যাচুরেশন বাড়িয়ে-কমিয়ে মনমতো করে নেয়া যাবে।
 
এতে কোয়াড কোর ১.২ গিগাহার্জ কর্টেক্স এ৫৩ প্রসেসর ব্যবহার হয়েছে। র‍্যাম ২ জিবি হওয়াতে ডিভাইসটি দ্রুতগতিতে পারফর্ম করবে।
 
এতে ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকছে। ৮ মেগাপিক্সেল ক্যামেরা আজকের দিনে কম মনে হলেও বাস্তবে তা প্রায় ১৩ মেগাপিক্সেলের মতই উজ্জ্বল এবং কালারফুল ছবি দেবে। সামনের ২ মেগাপিক্সেলও দাম হিসেবে বেশ ভালো। প্রতিটা সেলফিকে কালার হেরফের করে এই ক্যামেরা একটু বেশি আকর্ষণীয় করবার চেষ্টা করে।
 
এতে ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে, যা অধিক ব্যবহারেও সারাদিন চার্জ ধরে রাখবে।
 
আসুস জেনফোন ২ লেজার
কিছু দিন আগে ‘আসুস জেনফোন ২ লেজার’ নামের একটি নতুন ফোন এনেছে আসুস। হ্যান্ডসেটটি ৯ হাজার ৯৯৯ রুপিতে ভারতে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশে ১১ হাজার ১০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
 
ডিভাইসটিতে ১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এতে দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেয়ার জন্য ৩০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি জুড়ে দেয়া
 
জেনফোন ২ লেজারে কোয়ালকমের ৬৪-বিট স্ন্যাপড্রাগন ৬১৬ অক্টা-কোর প্রসেসর রয়েছে। ৩জিবি র‍্যামের এই ফোনে ৩২জিবি স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
IMG1
 
ভিডিও করা ও ছবি তোলার জন্য ফোনটিতে এফ/২.০ অ্যাপারচার এবং ০.০৩ সেকেন্ড অটো-ফোকাস ফিচারের ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে। এতে পিক্সেল ইনহ্যান্সিং ও পিক্সেল মাস্টার প্রযুক্তি জুড়ে দেয়া হয়েছে, যা ভিডিও এবং ছবিকে আরও উজ্জ্বল করবে। ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ফোনটিতে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আসুস জেনফোন ২ লেজার লাল, রুপালি ও সোনালী রঙে পাওয়া যাবে।
 
কুলপ্যাড নোট ৩ লাইট
কিছু দিন আগে রেডমি ৩ বাজারে এনেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এই ডিভাইসটিকে টেক্কা দিতে ‘নোট ৩ লাইট’ নামের উন্নত কনফিগারেশনের একটি সাশ্রয়ী হ্যান্ডসেট বাজারে এনেছে আরেক চীনা প্রতিষ্ঠান কুলপ্যাড।
 
ডিভাইসটি বর্তমানে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকমে পাওয়া যাচ্ছে। ‘কুলপ্যাড নোট ৩’ এর দাম যেখানে ১০ হাজার ৪০০ টাকা সেখানে ‘কুলপ্যাড নোট ৩ লাইট’ মাত্র আট হাজার টাকায় পাওয়া যাবে।
 
এই নতুন ফোনে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন, ৭২০ পিক্সেল রেজ্যুলেশন, ৩২০ ডিপিআই আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ, ৬৪ বিটের ১ গিগাহার্টজ কোয়াড-কোর এমটি ৬৭৩৫ প্রসেসর, ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারন্যাল মেমরি এবং মাইক্রো এসডি কার্ড সুবিধা।
 
IMG2
 
ভিডিও করা ও ছবি তোলার জন্য এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ডুয়াল সিমের এই ফোন ফোরজি ইন্টারনেট সমর্থন করবে।
 
 
ইউ ইউরেকা প্লাস
কনফিগারেশনের দিক থেকে প্রশংসা কুড়িয়েছে ইউ ইউরেকা প্লাস। মাইক্রোম্যাক্সের এই ফোনের দামটাও নাগালের মধ্যে। ভারতের বাজারে এই ডিভাইসের দাম ৯ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশে ১১ হাজার ১০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
 
IMG3
 
এতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন, অপারেটিং সিস্টেম সাইনোজেন ১২, ডুয়াল সিম সুবিধা, ফোরজি সাপোর্ট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ এসওসি অক্টাকোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ২,৫০০ এমএএইচ ব্যাটারি, ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ স্পেস এবং ব্লুটুথ ও জিপিএস সুবিধা।
 
লেনোভো কে৩ নোট
গত বছর লেনোভো ‘লেনোভো কে৩ নোট’ নামের লো-অ্যান্ডের ফোন এনে বাজারে চমক তৈরি করে। বিশ্লেষকদের মতে, এত কম দামে এমন শক্তিশালী কনফিগারেশনের ডিভাইস আশাই করা যায় না। এটি ভারতের বাজারে ৯ হাজার ৯৯৯ রুপিতে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ হাজার ১০০ টাকা।
 
ডিভাইসটিতে ৫.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। ১.৭ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। অক্টাকোর হলেও চিপসেট প্রিমিয়াম ডিভাইসগুলোর মত স্ন্যাপড্রাগন নয়, মিডিয়াটেক। তারপরও স্মুথ এক্সপেরিয়েন্স থাকছে এখানে। ২ জিবি র‍্যামের হওয়াতে গেইমিংয়েও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি রয়েছে, যা মেমোরি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
IMG4
 
এর ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরায় অসাধারণ ছবি উঠে। কিন্তু হাত কাঁপলে ছবি ঘোলা হয়ে যাবে। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও ভালো। বিশেষ করে, দাম বিবেচনায় নিলে তো ৫ মেগাপিক্সেল আশাই করা যায় না।
 
দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এতে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।