কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি নৈশ কোচের ধাক্কায় দুই ছেলেসহ এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাগেশ্বরী থানার ওসি আবু আক্কাস। অপরদিকে একই সড়কের কদমতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার নিলুরখামার কাইটটারী গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) এবং তার দুই ছেলে জিম ইসলাম (১০) ও মিল্লাত হোসেন (৮)।
নাগেশ্বরী থানার ওসি আবু আক্কাস বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীর তার দুই ছেলে জীম ও মিল্লাতকে নিয়ে মোটরসাইকেলে করে নাগেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলের দিকে যাচ্ছিলেন। জামতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘আদর এন্টারপ্রাইজ’ নামের একটি নৈশ কোচ বিপরীত দিক থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিম নিহত হয়। গুরতর অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর ও তার আরেক ছেলে মিল্লাতকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি আরো বলেন, সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর ও মিল্লাতের মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে।
অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে একই সড়কের কদমতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার রাঙ্গালীরবস গ্রামের আব্দুস সবুরের স্ত্রী।
