গ্যাসের দাবিতে ফতুল্লায় ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:১৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
 
সোমবার বেলা ১১টা থেকে  ফতুল্লার ভূঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড তারা অবরোধ করে রাখে।পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল শুরু হয়। এ সময় ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দিন বলেন, গ্যাস সংকটের প্রতিবাদ ও গ্যাস সরবরাহের দাবিতে ভূঁইগড় ও আশপাশের এলাকার কয়েকশ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবরোধ করে রাখলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
শীতের শুরু থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও চাপ এতো কম চুলাও জ্বলে না।