চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনে বিএনপির স্মারকলিপি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:০৮
বন্দর নগরীতে গ্যাস সংকট নিরসনের দাবিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
 
সোমবার সকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল কেজিডিসিএল কর্তৃপক্ষ বরাবর এ স্মারকলিপি দেয়। বিএনপি প্রতিনিধি দলের কাছ থেকে কেজিডিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এম এ কে চৌধুরী এ স্মারকলিপি গ্রহণ করেন।
 
চট্টগ্রাম নগরীর বাসাবাড়ি ও শিল্প কারখানাগুলোতে দীর্ঘদিন ধরে চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ না দিয়ে বন্দরনগরীর প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করে স্মারকলিপিতে অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।
 
নগরীর ছয় লাখ গ্যাস বার্নারের বিপরীতে চার লাখ বার্নারে গ্যাস সরবরাহ দেয়া হচ্ছে না দাবি করে এতে বলা হয়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য গ্যাস এসে আবার চলে যাচ্ছে, যাতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।
 
স্মারকলিপি দেয়ার পর বিএনপি নেতা শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, সরকার বার বার গ্যাসের মূল্য বাড়ালেও সরবরাহ স্বাভাবিক করতে পারেনি। চট্টগ্রামের গ্যাস সংকট নিরসনের দাবি শুধু বিএনপির নয়, এটি সকলের প্রাণের দাবি।
 
স্মারকলিপি দেয়ার সময় প্রতিনিধি দলে বিএনপি নেতা মো.  আলী, ইসকান্দর মির্জা, কামরুল ইসলাম, গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, শাহ আলম, নূর হোসেন, এ কে এম পেয়ারুসহ অন্যরা উপস্থিত ছিলেন।