নতুন কোচের অধীনে ঘরের মাঠে দুর্দান্ত দুটি পারফরম্যান্সের পর অ্যাওয়ে ম্যাচে আবার হোঁচট খেল রিয়াল। জিনেদিন জিদান অবশ্য বরাবরের মতোই আশাবাদী। দুর্বল রিয়াল বেতিসের মাঠে দলের তাল হারানো পারফরম্যান্সের পরও তিনি ‘গর্বিত’।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা দ্বিতীয়ার্ধে কাটিয়ে উঠলেও গত দুই ম্যাচের বিধ্বংসী রিয়াল মাদ্রিদকে দেখা যায়নি। ফলে ৭০তম মিনিটে করিম বেনজেমার সমতাসূচক গোলটি ছাড়া আরো কয়েকটি সুযোগ পেলেও সেগুলো হেলায় হারানোয় প্রতিপক্ষের মাঠে আরেকবার হোঁচট খাওয়ার লজ্জায় পড়তে হয় দলটিকে।
এই নিয়ে এবারের লিগে প্রতিপক্ষের মাঠ থেকে চতুর্থবারের মতো ড্র করে ফিরল রিয়াল। মোট ১০টি অ্যাওয়ে ম্যাচের চারটিতে জিতেছে ও বাকি দুটিতে হেরেছে তারা। প্রত্যাশিত জয় না মিললেও জিদানের সন্তুষ্টির জায়গা অন্য খানে, দ্বিতীয়ার্ধে শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলেই ইতিবাচক দিক খুঁজলেন তিনি। তিনি বলেন, আজ আমি দলকে অপেক্ষাকৃত ভালো দেখেছি। ভালো বিষয়টা হলো যে, ম্যাচের শেষে, দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে আমরা আরও ভালো ছিলাম।
দুই পয়েন্ট হারানোর হতাশা থাকলেও শেষ পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে থাকার প্রত্যাশা ফরাসি কোচ জিদানের কণ্ঠে। আর ফুটবলে এমনটা হয়েই থাকে বলে জানালেন, আমি আমাদের উন্নতি করতে দেখেছি। সেরা বিষয়টি হলো, ম্যাচের শেষ দিকে আমি আমাদের উন্নতি দেখেছি। আমরা সঠিক পথেই আছি। আমাদের তৃতীয় সপ্তাহ চলছে (প্রধান কোচ হিসেবে জিদানের যোগ দেওয়ার পর থেকে) এবং এ রাতে আমার খেলোয়াড়েরা যা করেছে তাতে আমি গর্বিত।
এই ড্রয়ের পর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২১ ম্যাচে ৪৪। সমান ২১ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৮। বার্সেলোনার পয়েন্টও সমান ৪৮, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে লুইস এনরিকের দল। এক ম্যাচ কমও খেলেছে মেসি-নেইমাররা।
