শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান গভর্নরের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২০:০৭
 
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। একই সঙ্গে এ সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের চিঠি দিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 

চিঠিতে সমাজের বিত্তবান ও কর্পোরেট হাউজগুলোকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবছর দেশের উত্তরাঞ্চল, চর, হাওড় ও নদী ভাঙন এলাকার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাওয়ার চিত্র পত্র-পত্রিকায় দেখা যায়। সামাজিক দায়বদ্ধতার আওতায় অন্যান্যবারের মতো এবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র- কম্বল বিতরণ করবে এটাই প্রত্যাশিত। ব্যাংক হিসাবধারী কোনো পথ শিশু যেন শীতবস্ত্রের অভাবে কষ্ট না পায় তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।