কুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ০০:০৭
* পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে হত্যা
* শিশু কন্যাসহ স্ত্রী পলাতক
 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র রাকিব আলম ওরফে রকির (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার  রাত সাড়ে ৮টার দিকে নগরীর বয়রা আফজালের মোড়ের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাকিব কুয়েটের বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসির ছাত্র।
পুলিশের ধারণা তাকে তিন-চারদিন আগে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহত রাকিব নওগাঁ জেলার মান্দা উপজেলার দাশপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে।
জানা গেছে, নিহত রকির দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী সাহারা বান তহুরা ওরফে দৃষ্টি মান্দায় ও আমেনা আক্তার কবিতা খুলনাতেই রকির সঙ্গে থাকতেন। লাশ উদ্ধারের আগে থেকেই কবিতা দেড় বছরের মেয়েকে নিয়ে পলাতক রয়েছেন। কবিতার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুলদিয়া গ্রামে।
নিহত রকির পিতা মোবারক আলী জানান, গত ১৮ জানুয়ারি রকির সঙ্গে মোবাইল ফোনে তার শেষ কথা হয়। তারপর থেকেই রকি ও তার স্ত্রী কবিতার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। পরে রকির দুই বন্ধু আশিকুর রহমান ও হাফিজের সঙ্গে যোগাযোগ করি। তারা রকির বাসায় রকিকে খুঁজতে গিয়ে তার ঘর তালাবদ্ধ দেখতে পায়। তারা এ খবর আমাকে জানালে আমি ও আমার মেয়ে গতকাল সোমবার সকালে মান্দা থেকে খুলনায় রওনা দেই। রাত ৮টার দিকে ছেলের বাসায় পৌঁছি। রকির ঘর তালাবদ্ধ দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করি। এ সময় আমরা তার লাশ লেপ-তোষক দিয়ে মোড়ানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত রকির গলায় ওড়না পেচানো ছিল। এছাড়া পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।