আগামী ২৪ ফেব্রুয়ারি উন্মোচন করা হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর চালিত ‘শাওমি এমআই ৫’।
চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবো'তে এই তথ্য শেয়ার করেছেন শাওমির সহপ্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়ান জিয়াং। স্মার্টফোনটির আর কোনো তথ্য জানাননি তিনি। তবে মঙ্গলবার শাওমির এমআইইউআই ফোরামে এমআই ৫ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। সূত্র- এনডিটিভি।
জিয়াং ক’দিন আগে জানিয়েছিলেন, এমআই ৫ চীনের বসন্ত উৎসবের পর উন্মোচন করা হবে। চীনের এই বসন্ত উৎসব ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। উন্মোচনের এক সপ্তাহ পরই এটি বাজারে ছাড়া হবে বিক্রির জন্য।
২৪ ডিসেম্বর শাওমি এমআই ৫ স্মার্টফোনের ছবি ও তথ্য ফাঁস করে চীনা ওয়েবসাইট যায়েকি। সাইটটির ছবিতে ডিভাইসটির সামনের প্যানেল ও নিচের বেজেল তুলে আনা হয়। পাশাপাশি স্মার্টফোনটির দামসহ নানা কনফিগারেশনের তথ্যও তুলে আনে।
সাইটটি জানায়, এমআই ৫ ডিভাইসে ডিসপ্লের নিচের দিকে স্লিম হোম বাটন থাকবে। মেটাল ফ্রেম ডিজাইনের এই ফোনের নিচে ইউএসবি টাইপ-সি এবং ডুয়াল স্পিকার থাকবে।
সাইটটি আরও জানায়, ফ্ল্যাগশিপ ফোনটিতে ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে থাকবে এবং এর ব্যাক প্যানেল থ্রিডি গ্লাসে মোড়ানো থাকবে। শুধু তাই নয়, ফোনটিতে বাজার সেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
IMG0
এর আগেও ডিভাইসটির আরও কিছু তথ্য ফাঁস হয় অনলাইনে। ফাঁস হওয়া ওই সব তথ্যমতে, স্মার্টফোনটিতে ফুল এইচডি বা কিউএইচডি রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এতে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি থাকবে। ৩জিবি ও ৪জিবির সংস্করণে বাজারে আসবে ডিভাইসটি। ৩জিবির সংস্করণে ৩২জিবি ইন্টারনাল মেমোরি ও ৪জিবির সংস্করণে ৬৪জিবি ইন্টারনাল মেমোরি থাকবে।
শাওমির নতুন এই স্মার্টফোনে ছবি তোলা ও ভিডিও করার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশের ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ভিত্তিক এমআইইউআই থাকবে। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৬০০এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটির ব্যাটারিতে থাকবে কুইক চার্জ ৩.০ প্রযুক্তি, যা ব্যাটারিকে দ্রুত চার্জ হতে সাহায্য করবে।
শাওমি এমআই ৫ এর ৩জিবির সংস্করণের দাম পরবে ১ হাজার ৯৯৯ ইয়েন এবং ৪জিবি সংস্করণের দাম পরবে ২ হাজার ৯৯৯ ইয়েন।
