দলবদলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করলো অ্যাটলেটিকো

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৫:০৬
খেলোয়াড় দলবদলে ফিফার আরোপিত এক বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কম বয়সী খেলোয়াদের চুক্তিবদ্ধ করানোর কারণে ক্লাবটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার আপীল করেছে ক্লাবটি।  
 
চলতি বছর জুলাই মাসে দলবদল প্রক্রিয়া শুরুর সময় থেকে এই নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হবে, যা থাকবে ২০১৭ সালের জানুয়ারিতে পরবর্তী দলবদল প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত। একই শাস্তির আওতায় রয়েছে রিয়াল মাদ্রিদও। নিষেধাজ্ঞার পাশাপাশি অ্যাটলেটিকোকে ৮২ লাখ ইউরো এবং রিয়ালকে ৩৩ লাখ ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। অবশ্য চলতি মাসের শেষভাগ পর্যন্ত দুটি ক্লাবই দলবদল কার্যক্রমে অংশ নিতে পারবে। 
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাটলেটিকো বলেছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি আরোপীত শাস্তির বিরুদ্ধে আপীল করা হয়েছে।  ফিফার দলবদল সিস্টেমে এই দুই ক্লাবের দলবদল প্রক্রিয়ায় সতর্কবার্তা পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি তাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর ফিফার পরিচালনা পরিষদ এই সিদ্ধান্তটি গ্রহন করেছে।
 
ফিফার আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোন ফুটবলারকে এক দেশ থেকে অন্য দেশে বদলি করা যাবেনা। ফিফার বিশেষ কমিটির মাধ্যমে সবগুলো দলবদলের অনুমোদন নিতে হবে। একই ধরনের অপরাধের কারণে ইউরোপীয় চ্যাম্পিয়ন বার্সেলোনাও ইতোমধ্যে শাস্তির মেয়াদ পুর্ণ করেছে। এএফপি।