ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহত এয়াকুব আলী (৩০) গফরগাঁও উপজেলার লক্ষনপুর গ্রামের মোসলেম মাষ্টারের ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি নামক স্থানে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সকে পিছন থেকে একটি ট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্রগ্রাম হাসপাতালে ভূমিষ্ঠ মৃত ভাগিনার লাশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এয়াকুব আলী অ্যাম্বুলেন্সে করে গফরগাঁও উপজেলায় বাড়ি যাচ্ছিলেন। মেহেরাবাড়ি নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্স থেকে ছিটকে এয়াকুব ওই সড়কে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই এয়াকুব আলী মারা যান। দুর্ঘটনায় ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র মোজাম্মেল হক (২৫) ও চট্রগ্রাম জেলার খুলশি উপজেলার মৃত আহাম্মদ আলীর পুত্র ইন্তাজ আলী (২৫) আহত হন। তাদেরকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে।
