এই নিয়ে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এবার বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য, টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার হওয়া।
বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস করতে নামলেই একটি ইতিহাস গড়া হয়ে যাবে মিরাজের। হয়ে যাবেন যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি দুটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন।
মিরাজ ছাড়া আরো চারজন আছেন বাংলাদেশ দলে, যারা খেলেছেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানালেন, অভিজ্ঞদের উপস্থিতি আত্মবিশ্বাসী করছে দলকে। তিনি বলেন, ‘পরপর দুটি বিশ্বকাপ খেলা দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমাদের কয়েকজন আছে দুটি বিশ্বকাপ খেলবে, দলের জন্য এটি খুব ভালো ব্যাপার। এই অভিজ্ঞতা দলের কাজে লাগবে। ব্যক্তিগতভাবে, অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ খেলাটাও দারুণ ব্যপার। চাপ নিচ্ছি না, চেষ্টা করব ভালো করতে।’
তিনি বলেন, ‘আমার লক্ষ্য থাকবে একটিই। এটা অনেক বড় একটা টুর্নামেন্ট, অনেক বড় সুযোগ সেরা অলরাউন্ডার হওয়ার। আমার টার্গেট থাকবে সেরা অলরাউন্ডার হওয়া।’
