ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলা, ভাঙচুর ও ছাত্র হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলার মাদরাসা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এদারায়ে তালীমিয়াহ।
মঙ্গলবার দুপুরে মাদরাসা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি এক জরুরি সভায় এ দাবি জানায়। এতে প্রতিষ্ঠানটির প্রধান আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী সভাপতিত্ব করেন।
বক্তারা এ সময় অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় না আনলে সারা দেশের আলেম-উলামা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
এতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ, জামিয়া দারুল আরকাম মাদরাসার প্রিন্সিপাল আল্লামা সাজিদুর রহমান, ভূবন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দিন, দারমা মাদরাসার প্রিন্সিপাল মেরাজুল হক কাসেমী, উচালিয়া পাড়ার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জহির, মালিহাতা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিুবর রহমান ও মাওলানা মাজহারুল হকসহ জেলার প্রায় দুই শ মাদরাসার প্রিন্সিপালরা উপস্থিত ছিলেন।
