দেশের যেসব কোটিপতি কর দেন না, তাদের করের আওতায় নিয়ে আসার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক কাস্টমস দিবস-১৬ উপলক্ষে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘ডিজিটাল কাস্টমস: প্রগেসিভ এনগেজমেন্ট’ স্লোগানে বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের(ডব্লিউসিও)সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালিত হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, পত্রিকায় দেখেছি দেশে কোটিপতি রয়েছে এক লাখের ওপরে। তাদের মধ্যে যারা এখনও কর দেয় না তাদের করের আওতায় নিয়ে আসতে কাজ করতে হবে। যারা কর দেয় তাদের ওপর বোঝা বাড়াবেন না। কর আদায়ের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় বর্তমানে ইউনিয়ন পর্যায়েও করদাতা পাওয়া যাবে। সেক্ষেত্রে যারা কর দেয় শুধু তাদের নয়, নতুন করদাতা খুঁজে বের করতে হবে। দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও কোটিপতি পাওয়া যাবে।
