নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ইসবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক নারী মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারী তার আনুমানিক দুই বছরের একটি শিশু নিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ থেকে ইজিবাইকে (অটোরিকশা) করে নেত্রকোনা আসছিলেন। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জের ইসবপুর এলাকায় এলে ইজিবাইকের চাকার সঙ্গে তার ওড়না পেচিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেই সঙ্গে নারীর কোলে থাকা শিশুটিকেও হাসপাতালে ওই বিভাগে রেখে পালিয়ে যান ওই চালক। কর্তব্যরত চিকিৎসক আহত ওই নারীকে দেখে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটিকে নারী পুলিশ হেফাজতে হাসপাতালের এক আয়ার কাছে রাখা হয়েছে। এখনো তার স্বজনদের সন্ধান মেলেনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাছুদুর আলম বলেন, 'নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের সন্ধান পেলেই শিশুটিকে হস্তান্তর করা হবে।'
