জেলার পাঁচবিবি উপজেলার ব্র্যাকের বাগজানা শাখার ম্যানেজার রুহুল আমীনকে ঋণ না পেয়ে এক মাদক ব্যবসায়ী মারপিট করেছেন। মঙ্গলবার সন্ধ্যার আগে বাগজানা শাখা অফিসের ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। রুহুল আমীন জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্র্যাকের জেলা প্রতিনিধি আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের খলিলের ছেলে নূর নোমান ঋণের জন্য ব্র্যাক বাগজানা শাখায় যোগাযোগ করেন। ঋণের আগে খোঁজ খবর নিয়ে জানা যায়, তিনি একজন মাদক ব্যবসায়ী। ফলে ঋণ দিতে অপারগতা প্রকাশ করা হয় ব্র্যাকের পক্ষ থেকে। এ ঘটনায় ক্ষিপ্ত নূর নোমান শাখা অফিসের অদূরে মঙ্গলবার সন্ধ্যায় ম্যানেজার রুহুল আমীনকে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি ও এক পর্যায়ে গাছের ডাল ভেঙ্গে বেধরক মারপিট শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান। মারপিটে গুরুতর আহত রুহুল আমীনকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাত, পা ও মাথায় আঘাত করা হয়েছে বলে জানান রুহুল আমীন।
এ ব্যাপারে নূর নোমানকে আসামি করে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ব্র্যাক পাঁচবিবি এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মুরাদ বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম মামলা হয়েছে জানিয়ে বলেন, আসামি গ্রেফতারে কয়েক দফা অভিযান চালানো হয়েছে।
