ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যা: গ্রেফতার আরও ২

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৫:২০

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চরকুরুলিয়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, ঈশ্বরদী চররূপপুর নলগাড়ী এলাকার মোস্তাক আহমেদের ছেলে ফারুক আহমেদ লিখন (৩২) ও নতুন রূপপুর (তিন বটতলা) এলাকার  আব্দুল আজিজের ছেলে  রাজিব (৩১)।
 
পুলিশ জানায়, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাসকে সেলিম হত্যা মামলায় গ্রেফতারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রকির  স্বীকোরক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে লিখন ও রাজিবকে ঈশ্বরদীর চরকুরুলিয়া হতে গ্রেফতার করা হয়। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রকি বিশ্বাসের বাড়ি সংলগ্ন আড্ডাখানায় অভিযান চালানো হয়। এসময় পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, লোহার তৈরি ৭.৬৫ পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি, ১২ বোরের বন্দুকের সবুজ রংয়ের দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে মুক্তিযোদ্ধা সেলিম মোটরসাইকেল যোগে বাড়িতে প্রবেশের সময় দুবৃর্ত্তদের গুলিতে আহত হন। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।  এ ঘটনায় সেলিমের ছেলে তন্ময় বাদি হয়ে অজ্ঞাতানামা আসামিদের বিরুদ্ধে থানায়  হত্যা মামলা দায়ের করেন।পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গত ১০ ফেব্রুয়ারি আরজু বিশ্বাস (৪৮) ও ৭ মার্চে রকি বিশ্বাসকে গ্রেফতার পুলিশ।

ইত্তেফাক/এমআরএম