মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজদের সন্ধানে তল্লাশি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১২:৫৭
 
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ যাত্রীদের সন্ধানে বুধবার দ্বিতীয় দিনের মতো তল্লাশি চলছে।
 
নিখোঁজ আট যাত্রী হলেন- ফাহিম (২০), মানিক (৪), তার ভাই রতন (২), নারগিস (৩০), তার মেয়ে শাহজাদী (২০),আলেয়া (২৬), তার দুই সন্তান সিয়াম (৮) ও স্বর্ণা (৪)।
হাইমচর ফায়ার সার্ভিসের দমকলকর্মী মো. রহমত উল্লাহ জানিয়েছেন, সকাল থেকে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী জাহাজ ‘অগ্নিবীনার’ ডুবুরি দল ও নৌ-বাহিনীর একদল ডুবুরিও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন।
 
মঙ্গলবার সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ নামের একটি যাত্রীবাহী ট্রলারটি ঈশানবালার উদ্দেশে যাত্রা করে। ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে অন্যান্য যাত্রীরা সা্বতরে তীরে উঠতে পারলেও আটজনের খোঁজ পাওয়া যায়নি।